আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগ, যেখানে মাঠে ফিরবেন বাংলাদেশের তিন কিংবদন্তি ক্রিকেটার—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার (৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশের পর্যটন
আকরাম খান জানান, "আমি ইতোমধ্যেই তামিম ইকবালের সঙ্গে কথা বলেছি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছে সে।" উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে তামিমের হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন, তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি।
এবারের এনসিএল টি-টোয়েন্টি আসরে তামিম ও মাহমুদুল্লাহ নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন, তবে মুশফিক এবার সিলেট বিভাগের হয়ে খেলবেন, যা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলেন তিনি। আকরাম খান বলেন, "বোধহয় মুশফিক সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে।" মাহমুদুল্লাহর ব্যাপারে তিনি বলেন, "নির্বাচকরা আমাকে মাহমুদুল্লাহ সম্পর্কে কিছু বলেনি, তবে আমার মনে হয়, সেও খেলবেন।"গত বছর প্রথমবারের মতো শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।